“দুই ভাই একসঙ্গে আসছি”- বড় পর্দায় জুটি বাঁধছেন জিৎ-প্রসেনজিৎ

টলিউডের দুই সুপারস্টার জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটি আবারও বড় পর্দায় ম্যাজিক ছড়াতে প্রস্তুত। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে একসঙ্গে হাজির হয়ে ভক্তদের জন্য নতুন ছবির আভাস দিয়েছেন ‘বুম্বাদা’ খ্যাত প্রসেনজিৎ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই দুই তারকা একসঙ্গে সুখবর নিয়ে আসছেন।

‘নেটফ্লিক্স’-এর ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে কলকাতায় প্রথমবার একসঙ্গে দেখা গেল জিৎ ও প্রসেনজিৎকে। এদিন তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সিরিজের বাকি শিল্পীরাও। প্রচারের মঞ্চে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন, “জিতের প্রযোজনা সংস্থায় ‘আয় খুকু আয়’ ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি। কিন্তু আমরা একসঙ্গে কাজ করিনি। প্রতি সপ্তাহে ফোনে কথা হত, এবার ভাবলাম একসঙ্গে কিছু করা উচিত। ‘খাকি’ হয়তো আমাদের প্রথম যৌথ কাজ হওয়ার কথা ছিল। এই প্রোজেক্টের সঙ্গে বাংলার যোগ আছে, কলকাতাতেই আমরা প্রথম দিন শুটিং করেছি।”

জিৎও এই প্রসঙ্গে মুখ খুলে বলেন, “আমার মনে হয়, আমাদের একসঙ্গে এই কাজটা হওয়া নিয়তিতে লেখা ছিল। সব কিছুরই একটা সময় থাকে, আর এটা ঠিক এই সময়েই হলো।” তাঁর কথা শেষ হতেই প্রসেনজিৎ উৎসাহের সঙ্গে যোগ করেন, “আমরা দুই ভাই খুব শিগগিরই একসঙ্গে আসছি। গোপাল, তুমি তৈরি থাকো!”

এখানে ‘গোপাল’ বলতে জিতের দাদা গোপাল মদনানীকে বোঝানো হয়েছে। জিতের প্রযোজনা সংস্থা ‘জিৎ ফিল্মস’-এর অন্যতম কর্ণধার হিসেবে গোপাল মদনানী কাজ করেন। প্রসেনজিৎ তাঁকে উদ্দেশ্য করে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে, জিৎ-প্রসেনজিৎ জুটির পরবর্তী ছবির ভাবনাচিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে দুই তারকার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এরপর তাঁরা বড় পর্দায় কোন গল্প নিয়ে হাজির হবেন, তা নিয়ে টলিউডের ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে। জিৎ-প্রসেনজিৎ জুটির এই নতুন প্রোজেক্ট কী চমক নিয়ে আসবে, সেটাই এখন দেখার অপেক্ষা।