কমনওয়েলথ গেমস: বয়সের বাধা পেরিয়ে ৪০- এও সোনার পদক শরৎ কমলের
August 8, 2022

বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতল ভারত। কমনওয়েলথ গেমসে শরৎ কমলের মুকুটে আরও একটি পালক। পুরুষদের সিঙ্গেল টেবিল টেনিস ম্যাচে সোনা জিতলেন তিনি। শরৎ কমল ছাড়াও ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠির জুটিও সোনা জিতেছে।
টেবিল টেনিসে মিক্সড ডাবলসে সোনা, পুরুষদের ডাবলসে রুপো ও পুরুষদের টিমস ইভেন্টে সোনার পর এবার পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন শরৎ কমল। গেমসের শেষ দিনে তিনি ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ এর হাড্ডাহাড্ডি ম্যাচে পরাস্ত করেন।
কমনওয়েলথ গেমসে শরৎ কমলের এটি মোট ১৩তম পদক। আর চলতি কমনওয়েলথ-এ তাঁর মোট পদক সংখ্যা গিয়ে দাঁড়াল চার।