৩০ বছর পর ঐতিহাসিক জয়! বামেদের দখল করা শেষ দুর্গও জিতে নিলো TMC

পশ্চিমবঙ্গে বামেদের জমানা শেষ হয়েছে বহু আগেই। কিন্তু কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে এখনও বামেদের দাপট ছিল। ৩০ বছর ধরে এই সমবায় সমিতি ছিল সিপিআই(এম)-এর দখলে। কিন্তু এবার সেই ইতিহাস বদলে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভুবনখালি সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে ৮টিতে জয়লাভ করে তৃণমূল।

এই সমবায় সমিতিতে মোট ৯টি আসন রয়েছে। তৃণমূল কংগ্রেস ৯টি আসনেই মনোনয়ন পত্র জমা করলেও বিরোধী দলগুলি কোনো আসনে মনোনয়ন পত্র জমা করেনি। ফলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮টি আসনে জয়লাভ করে। এই জয়কে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় তৃণমূল নেতারা।

চুপড়িঝাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালী বলেন, “এখানে বিরোধী বলে কিছু নেই। আমাদের লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সমবায় নয়, আমরা বিধানসভায় জিততে চাই। বামেরা দীর্ঘদিন ধরে এই সমবায় দখল করে রেখেছিল এবং এত দুর্নীতি করেছে যে তাদের আর নির্বাচনে লড়ার সাহস নেই।”

এই জয় তৃণমূল কংগ্রেসের জন্য একটি বড় মাইলফলক। এটি শুধু একটি সমবায় সমিতির জয় নয়, বরং বামেদের শেষ দুর্গেও তৃণমূলের বিজয়ের সূচনা। রাজ্যে তৃণমূলের একচ্ছত্র আধিপত্যের পথে এটি আরও একটি বড় পদক্ষেপ। আগামী দিনে এই অঞ্চলে তৃণমূলের প্রভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।