উত্তরাখণ্ডে তুষারধসের ২৪ ঘণ্টা, ৫৫ জনের মধ্যে এখনও আটকে রয়েছেন ৮ শ্রমিক

উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসের ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়েছে। এখনও ৮ জন শ্রমিক আটকে আছেন। উদ্ধার করা হয়েছে ৪৭ জন শ্রমিককে। বর্ডার রোড অর্গানাইজেশন প্রকল্পে মোট ৫৫ জন কাজ করছিলেন, যার মধ্যে ২ জন ছুটিতে ছিলেন। ৫৫ জনের সবাই তুষারধসে আটকা পড়েছিলেন। তাঁদের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, আইটিবিপি, বিআরও, এসডিআরএফ এবং এনডিআরএফ-এর দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর Mi-17 হেলিকপ্টার স্ট্যান্ডবাইতে রয়েছে। যত তাড়াতাড়ি আবহাওয়ার উন্নতি হবে। উদ্ধারকাজে গতি আসবে। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
উত্তরাখণ্ডের ডিজাস্টার ম্যানেজমেন্ট সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের বের করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। চামোলি জেলার মান্দা গ্রামে তুষারধসের কারণে আটকে পড়া কর্মীদের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ১৪ জনকে উদ্ধার করা হয়। এখনও ৮ জন শ্রমিক আটকে রয়েছেন। গুরুতর আহত তিন শ্রমিককে জোশীমঠের আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য শ্রমিকদেরও যত দ্রুত সম্ভব নিরাপদে উদ্ধারের কাজ চলছে। সরকারি তরফে জানানো হয়েছে, তুষারধসের কারণে দুর্ঘটনায় পড়া শ্রমিকরা বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর সহ অন্যান্য রাজ্যের বাসিন্দা।
শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। শুক্রবারই ৩৩ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছিল। শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু হয়। ১৪ জনকে উদ্ধার করা হয়। প্রায় ৭ ফুট বরফের স্তর জমে যাওয়াতে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।
ধসের কারণে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক কর্ণপ্রয়াগের কাছে বন্ধ হয়ে গিয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে। এর ভিডিওও সামনে এসেছে। যেখানে দেখা যায়, জাতীয় সড়কে বড় বড় পাথর পড়ে আছে। তবে পাথর সরানোর কাজ শুরু হয়েছে।