CBSE-বোর্ডের CLASS-10 র পরীক্ষা বছরে দুবার? শিগ্রই চালু হবে নতুন নিয়ম?

জাতীয় শিক্ষা নীতির সুপারিশ মেনে এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বছরে দু’বার নেওয়ার পরিকল্পনা করেছে সেন্ট্রাল বোর্ড অ ফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এই নতুন ব্যবস্থার খসড়া প্রকাশ করেছে বোর্ড। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন সিবিএসই-র এক আধিকারিক।
খসড়া অনুযায়ী, প্রথম পর্বের পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে এবং দ্বিতীয় পর্ব মে মাসে অনুষ্ঠিত হবে। স্টেকহোল্ডারদের আগামী ৯ মার্চের মধ্যে এই প্রস্তাব নিয়ে মতামত জানাতে বলা হয়েছে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত
সিবিএসই-র প্রকাশিত খসড়া অনুযায়ী, প্রথম ধাপের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব ৫ মে থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক প্রবীণ আধিকারিক জানান, “দুটি পর্বেই পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা হবে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমাও নির্ধারিত হবে।” তিনি আরও বলেন, “এই দুই পর্ব পরিপূরক পরীক্ষা হিসেবে কাজ করবে। কোনও বিশেষ পরীক্ষার ব্যবস্থা থাকবে না।”
মোট ৩৪ দিন ধরে চলবে এই দুই পর্বের পরীক্ষা, যেখানে ৮৪টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ২০২৬ সালে প্রায় ২৬.৬০ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি এবং ৫ মে-র পরবর্তী প্রথম মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হবে।
নতুন নীতির উদ্দেশ্য
জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সুপারিশ অনুযায়ী, শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ দু’বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এই প্রস্তাবের লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমানো এবং তাদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ দেওয়া। শিক্ষাবিদদের মতে, একবার পরীক্ষায় ভালো না করলেও দ্বিতীয় সুযোগ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে স্বস্তি পাবে।
পরীক্ষার গঠন
সিবিএসই-র আধিকারিক জানিয়েছেন, দুটি পর্বই পূর্ণাঙ্গ বোর্ড পরীক্ষা হবে এবং পুরো সিলেবাস কভার করবে। শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী যেকোনও একটি বা দুটি পর্বেই অংশ নিতে পারবেন। ফলাফলের ক্ষেত্রে ভালো স্কোরটি গ্রাহ্য হবে। এই ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য আরও নমনীয়তা আনবে বলে মনে করা হচ্ছে।
প্রতিক্রিয়া ও প্রত্যাশা
নতুন এই ব্যবস্থা নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেখানে অনেকে এটিকে শিক্ষার্থীদের জন্য সুযোগ হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ বছরে দু’বার পরীক্ষার প্রস্তুতির চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে এই নীতি চূড়ান্ত হলে, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হলে, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা ব্যবস্থা নতুন রূপ পাবে। এই পরিবর্তন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে কতটা সাহায্য করবে, তা সময়ই বলবে।