তেল চুরি কাণ্ডে তৃণমূল সভাধিপতির বিরুদ্ধে অভিযোগ, তোলপাড় মুর্শিদাবাদ জেলা পরিষদ

সরকারি তেল নয়ছয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলা পরিষদে। অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।
টেন্ডার দুর্নীতি থেকে সরকারি অর্থ অপচয়ের মতো একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও রুবিয়া দাবি করেছেন, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক স্বার্থে দলেরই কিছু লোকজন তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
সূত্রের খবর, সভাধিপতি রুবিয়া দুটি সরকারি গাড়ি ব্যবহার করেন, যার জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে তেল তোলা হয়েছে।
একটি গাড়ির জন্য তিন হাজার লিটারের বেশি তেল নেওয়া হয়েছে, যা অপ্রয়োজনীয় বলে দাবি করা হচ্ছে।
নিজেই তেলের স্লিপ ইস্যু করেছেন, যা নিয়ম বহির্ভূত।এর আগে সরকারি টাকা খরচ করে পাঁচতারা রেস্তোরাঁয় খাওয়ার অভিযোগ উঠেছিল রুবিয়ার বিরুদ্ধে। সেই ঘটনার পর টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। এবার ফের নতুন করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল।
এই অভিযোগ প্রসঙ্গে রুবিয়া সুলতানা বলেন,”জেলা পরিষদে কোনও দুর্নীতি হয়নি। এটা দলের লোকেরাই ইচ্ছা করে বলছে। সব কিছু খোলসা করে বলা যায় না। না জেনে যারা এসব বলে, তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না।”
মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি সংক্ষেপে বলেন,”যার বিরুদ্ধে অভিযোগ, সেই উত্তর দেবে।”এখন দেখার, এই অভিযোগের তদন্ত হয় কি না, এবং রুবিয়া সুলতানা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন কি না।