কত বল বাকি ছিল? চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েও সন্তুষ্ট নন শ্রেয়স আইয়ার!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-তে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল টিম ইন্ডিয়া। নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করেছিল ভারত। এরপর সুপার সানডে-তে পাকিস্তানকে হারিয়ে আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল রোহিত শর্মার দল।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ভালো শুরু করলেও, মাঝপথেই হার্দিক পান্ডিয়ার স্পেল ও অক্ষরের বুলস আই থ্রো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও, রিজওয়ান ও সাউদ শাকিল শতরানের পার্টনারশিপ গড়েছিলেন, কিন্তু তারা অত্যন্ত ধীরগতির ব্যাটিং করেন। ফলে, পাকিস্তান ২৪১ রানের বেশি তুলতে পারেনি।
রান তাড়ায় শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। তবে, শুভমন গিল ও বিরাট কোহলি দুর্দান্ত জুটি গড়েন। শুভমন ফিরলেও, কোহলি তখনও অপরাজিত। পরে, শ্রেয়স আইয়ারের সঙ্গেও এক অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন তিনি।
কোহলির অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৪৫ বল বাকি থাকতেই ভারত ৬ উইকেটে জয় লাভ করে এবং সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
সেই শ্রেয়স সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করে বসেন, ‘আচ্ছা কত বল বাকি ছিল?’ ৪৫ বল শুনেই বলেন, ‘আমার মনে হয় আরও আগেই জিততে পারতাম। সেটা আরও ভালো জয় হত। আমাদের আরও আগ্রাসী ব্যাটিং করা প্রয়োজন ছিল। আরও আগে ম্যাচটা জিততে পারতাম।’
এমন ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ে সন্তুষ্ট নন শ্রেয়স! এতে স্পষ্ট, এই ভারতীয় দল নিজেদের পারফরম্যান্সে সবচেয়ে বেশি প্রত্যাশা রাখে। এই জয়ের ক্ষুধাই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট করে তুলেছে।
এবার দেখার, সেমিফাইনালে কাদের মুখোমুখি হতে হয় টিম ইন্ডিয়াকে এবং সেই ম্যাচেও ভারতীয় দল তাদের এই দাপট ধরে রাখতে পারে কিনা!