‘জুনিয়র চিকিৎসকদের উপর পুরো দায় চাপিয়ে দেওয়া ঠিক হয়নি, তাঁদের সাসপেনশন প্রত্যাহার করলাম’- মমতা ব্যানার্জী

সোমবার চিকিৎসকদের সম্মেলনে এসে কার্যত কল্পতরুর ভূমিকায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একদিকে চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা, অন্যদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার জন্য সাসপেন্ড হওয়া চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার—সব মিলিয়ে ধনধান্য স্টেডিয়ামে তৈরি হয় উচ্ছ্বাসের আবহ। উপস্থিত চিকিৎসকদের মধ্যে যে ক্ষোভ ছিল, সেটাও যেন নিমেষে উধাও হয়ে যায়। দিনশেষে বলা চলে, মমতা এলেন, দেখলেন এবং জয় করলেন।

সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে এক মহিলার মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়ায় গ্রিন করিডর তৈরি করে তাঁদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এই ঘটনার জেরে কয়েকজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। তবে আজ সেই শাস্তি প্রত্যাহারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘‌সেই ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে। গাফিলতি হয়েছিল ঠিকই, তবে জুনিয়র চিকিৎসকদের উপর পুরো দায় চাপিয়ে দেওয়া ঠিক হয়নি। তাই আজ আমি তাঁদের সাসপেনশন প্রত্যাহার করছি।’

আজকের সম্মেলনে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জন্য বড়সড় আর্থিক ঘোষণাও করেছেন।

🔹 সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫,০০০ টাকা বৃদ্ধি। এর আওতায় পড়বেন ডিপ্লোমাধারী, স্নাতকোত্তর এবং পোস্ট ডক্টরেট স্তরের সিনিয়র রেসিডেন্টরা।
🔹 ইন্টার্ন, হাউসস্টাফ, স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০,০০০ টাকা বৃদ্ধি।

চিকিৎসকদের প্রাইভেট প্র‌্যাকটিস নিয়ে সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌প্রাইভেট প্র‌্যাকটিস করুন, আমার কোনও আপত্তি নেই। তবে সরকারি হাসপাতালে ন্যূনতম ৮ ঘণ্টা কাজ করতেই হবে। রোগীর সেবা করতেই হবে। প্রয়োজনে প্র‌্যাকটিসের জন্য ২০ কিমির বদলে ৩০ কিমি এলাকা বাড়িয়ে দেওয়া হবে।’‌

বাংলার চিকিৎসকদের বিদেশে চলে না যাওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌বাংলায় এখন সবকিছু আছে, বাইরে গিয়ে লোহার শিকল-বেড়ির অপমান কেন সইবেন? বাংলায় থেকে মানুষের সেবা করুন। কোনও সমস্যা হলে আমাদের জানান, আমরা আপনাদের পাশে আছি।’

সব মিলিয়ে আজকের এই সম্মেলন চিকিৎসক মহলের জন্য এক ঐতিহাসিক দিন হয়ে থাকল। বেতন বৃদ্ধি, সাসপেনশন প্রত্যাহার এবং প্রাইভেট প্র্যাকটিসে ছাড়—সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হল।