‘অতিথি’ আপ্যায়ন করে ক্লান্ত বিরাট, “সব কিছু ছেড়ে শুধু বিশ্রাম করব….”- জানালেন কিং কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ভারত। তবে তার আগেই পাওয়া গেল জোড়া তৃপ্তি—পাকিস্তানকে হারানোর আনন্দ এবং বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুরু করেছিল ভারত। কিন্তু সেই ম্যাচে আবারও লেগ স্পিনারের শিকার হয়েছিলেন বিরাট কোহলি, যা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। তবে পাকিস্তানের বিরুদ্ধে সেই সব প্রশ্নের মোক্ষম জবাব দিলেন কোহলি। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে বুঝিয়ে দিলেন, তিনি এখনও দলের অন্যতম সেরা ভরসা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ম্যাচটি হয়েছিল দুবাইয়ে। আর সেই মঞ্চেই পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ভারতকে জয় এনে দিলেন কিং কোহলি। ব্যাট হাতে শুরুটা একটু ধীরগতিতে করলেও মিডল ওভারে সিঙ্গল-ডাবল নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। স্পিনারদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় খেললেও পেসারদের বিরুদ্ধে আগ্রাসী ছিলেন। শেষ পর্যন্ত বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এবং দলের জয় নিশ্চিত করেন।
এই ইনিংসের মাধ্যমে কোহলি গড়লেন একাধিক নজির—এটি তাঁর কেরিয়ারের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তাঁর প্রথম শতরান।
গ্রুপ পর্বের দুটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে ভারত। পরবর্তী ম্যাচ ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হাতে রয়েছে বেশ কয়েকদিনের বিরতি। ম্যাচের সেরা হয়ে পুরস্কার নিতে গিয়ে বিরাট বলেন, ‘সত্যি বলতে, ৩৬ বছর হয়ে গিয়েছে। এ সময় ছুটি পেলে আনন্দই হয়। আগামী কয়েকটা দিন সব কিছু ছেড়ে শুধু বিশ্রাম করব। কারণ, প্রতি ম্যাচে এরকম পারফরম্যান্সই করতে চাই। তার আগে প্রচুর পরিশ্রম করতে হয়।’
ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছেও আত্মতুষ্ট হতে চাইছে না। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়াই এখন লক্ষ্য রোহিত শর্মাদের। সেমিফাইনালের আগে এই বিরতিটাই ভারতের জন্য বড় সুবিধা হতে পারে।