ভিতরে চলছে জন্মদিনের পার্টি, বাইরে থেকে হঠাৎ গুলিতে আহত ব্যক্তি, ভয়ঙ্কর আতঙ্ক রাজ্যজুড়ে

একদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে রাজনৈতিক নেতাকে, অন্যদিকে মাঝরাস্তায় হঠাৎই ছুটছে বুলেট! একের পর এক ঘটনায় রাজ্যজুড়ে বাড়ছে আতঙ্ক।
সম্প্রতি হাওড়ার চণ্ডীতলার থানার আইসি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় ফের শুটআউট কাঁপিয়ে দিল হাওড়া!
হাওড়ার লিলুয়া গোশালায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়।গুলিবিদ্ধ হন রাজেশ সিং নামের ওই ব্যক্তি।গুরুতর আহত অবস্থায় উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়।পরে কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কারণ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
ঘটনাস্থল: থার্টি এইট বাই ওয়ান পাঠক বাড়ির সামনে, ইন্দ্রধনুস আবাসনের গেটের সামনে।শুক্রবার সন্ধ্যায় আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল।সেই সময় বাইরে খুব কাছ থেকে রাজেশ সিংকে লক্ষ্য করে গুলি চালানো হয়।গুলি তাঁর পেটে লাগে, গভীর ক্ষত তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজেশ সিং আগে এক খুনের মামলায় জড়িত ছিলেন।অসামাজিক কাজের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে আছে।একসময় তিনি জেলও খেটেছিলেন।পুলিশের সন্দেহ, পুরনো শত্রুতার জেরেই এই হামলা হতে পারে।
ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।পুলিশের অনুমান, রাতের সময় রাস্তা ফাঁকা থাকায় দুষ্কৃতীরা এই সুযোগ নিয়েছে।
হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন—“সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা বিশদে খতিয়ে দেখা হচ্ছে।”হাওড়ার পরপর শুটআউটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।