“পৃথিবীর সব ভালো তোমার হোক”-রাজের জন্মদিনে যে প্রতিশ্রুতি দিলেন শুভশ্রী

আজ বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। রাজ আগেও বলেছেন, শুভশ্রী গাঙ্গুলীর জীবনে আসার পর তার জন্মদিনের আমেজই বদলে গেছে। একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সাতটি বছর, আর তাদের সম্পর্ক এখন কেবল দাম্পত্যের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, তা আরও গভীরে পৌঁছেছে—জন্মদিনের বিশেষ বার্তায় সেটাই বুঝিয়ে দিলেন শুভশ্রী।
ইনস্টাগ্রামে রাজের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। প্রেমপর্ব থেকে শুরু করে বিয়ের পরের নানা মুহূর্তের ছবি একত্র করে কোলাজ বানিয়েছেন তিনি।
পোস্টের ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “পৃথিবীর সব ভালো তোমার হোক। ব্রুনো মার্স কীভাবে আমার মনের কথা পড়ে ফেলল, কে জানে?” রাজের প্রতি আজীবন ভালোবাসা ও একসঙ্গে থাকার প্রতিশ্রুতি যেন ধরা পড়েছে এই বাক্যে।
শেয়ার করা ছবিগুলোর মধ্যে কিছুতে দেখা যাচ্ছে, রাজ-শুভশ্রী আদুরে মুহূর্ত কাটাচ্ছেন, কোনো ছবিতে রাজ মাথা রেখে ঘুমোচ্ছেন শুভশ্রীর কোলে, আবার কোথাও শুভশ্রী রাজের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। ভালোবাসায় ভরপুর এই ছবিগুলো দেখে মুগ্ধ নেটিজেনরা, মন্তব্য বক্সে উপচে পড়ছে ভালোবাসার বার্তা।
রাজ-শুভশ্রীর সম্পর্কের গভীরতা ও পরস্পরের প্রতি ভালোবাসা তাদের প্রতিটি মুহূর্তে স্পষ্ট, আর রাজের জন্মদিনে শুভশ্রীর এই বিশেষ পোস্ট যেন সেই অনুভূতিকেই আরও উজ্জ্বল করে তুলল।