SPORTS: বাংলাদেশ-ভারত ম্যাচে নতুন বিতর্ক, ICC -র কাছে ব্যাখ্যা চাইলো পাকিস্তান

নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকেই নানা নাটকীয়তায় মোড়ানো। পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত ভারত অনড় থাকায়, প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। এ ছাড়া ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম না থাকার গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও আইসিসির হস্তক্ষেপে সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি। তবে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে।

গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচের সরাসরি সম্প্রচারে আয়োজক দেশের নাম পাকিস্তান কোথাও দেখা যায়নি! সাধারণত টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকের নাম স্ক্রিনের এক কোণায় দেখানো হয়, ঠিক যেমনটা খেলোয়াড়দের জার্সিতে থাকে। কিন্তু সেই ম্যাচের সম্প্রচারিত ফিডে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম অনুপস্থিত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং তারা এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ-ভারত ম্যাচের লাইভ সম্প্রচারের সময় আয়োজক পাকিস্তানের নাম অনুপস্থিত থাকায় আইসিসির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে পিসিবি। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, পাকিস্তান-নিউজিল্যান্ড এবং আজকের দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে ব্রডকাস্ট লোগোতে আয়োজকের নাম যথারীতি ছিল। শুধু গতকালের ম্যাচেই এটি দেখা যায়নি, যা আরও বিতর্ক তৈরি করেছে।

এই ঘটনায় ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে পিসিবি। তবে আইসিসির দাবি, এটি ছিল প্রযুক্তিগত ত্রুটি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই গ্রাফিক্স প্রস্তুত করে সম্প্রচারের জন্য সরবরাহ করা হয়েছিল, যেখানে আয়োজকের নাম থাকার কথা ছিল। কিন্তু সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পিসিবি, এবং তারা এই ঘটনাকে টুর্নামেন্টের নিয়মবহির্ভূত উল্লেখ করে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের টানাপোড়েন স্পষ্ট। এবার সম্প্রচার বিভ্রাটের এই ঘটনা সেই উত্তেজনায় আরও ইন্ধন জোগাল বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।