“পরিবারের মেয়ের সঙ্গে প্রেমে আপত্তি”-নকল পুলিশ সেজে যুবককে মারধর ও খুনের হুমকি

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কৈলাসনগরে এক তরুণীর সঙ্গে প্রেমের অভিযোগে নকল পুলিশ সেজে প্রেমিক ও তাঁর বন্ধুকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন প্রেমিক চন্দন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, কুলতলির কৈলাসনগর এলাকার বাসিন্দা চন্দন দীর্ঘ পাঁচ বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। তবে চন্দন বেকার এবং তাঁর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। বুধবার রাতে চন্দন ও তাঁর বন্ধু সুধাময় হালদার তরুণীর এক দূর সম্পর্কের দাদার সঙ্গে দেখা করেন। এরপর তাঁদের বাড়ি থেকে ফাঁকা রাস্তায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি চারচাকা গাড়ি থেকে জনা পাঁচেক যুবক নেমে এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় এবং চন্দন ও সুধাময়কে জোর করে গাড়িতে তুলে নেয়।

চন্দনের অভিযোগ, ওই যুবকরা তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং বেধড়ক মারধর করে। পরে তাঁদের সাতমুখী মৌখালি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। মারধরের পর রাতেই কোনওভাবে ক্যানিং থানায় পৌঁছে চন্দন লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চন্দনের পরিবার জানিয়েছে, প্রেমিকার পরিবার আগেও তাঁকে হুমকি দিয়েছে। তবে এবার সরাসরি নকল পুলিশ সেজে এমন ঘটনা ঘটানোয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।