প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই, কার কার নাম রয়েছে?

শুক্রবার কলকাতা নগরদায়রা আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটের প্রথমেই নাম রয়েছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। এছাড়া অরুণ হাজরা ও তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও এতে উল্লেখ রয়েছে।
চার্জশিটে নতুন করে তথ্য প্রমাণ লোপাটের জন্য ২০১ ধারা যোগ করেছে সিবিআই। পাশাপাশি, জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
সূত্রের খবর, সিবিআই মোট ১১ জন সাক্ষীর গোপন জবানবন্দী নেওয়ার আবেদন করেছে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সংযুক্ত হওয়ায় সুজয় কৃষ্ণ ভদ্র আরও বিপাকে পড়েছেন। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সিবিআইকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল। পরে একই মামলায় সিবিআইও তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে হাজিরা দিচ্ছিলেন না এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করাও সম্ভব হচ্ছিল না।
অবশেষে, অনেক প্রচেষ্টার পর সিবিআই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়। সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই চার্জশিট জমা দেওয়া হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পান, তবে শর্তসাপেক্ষে। তিনি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না এবং তার ওপর সর্বদা নজর রাখছে সিবিআই।