‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ বিতর্কের জেরে OTT-র উপর কড়া নজর কেন্দ্রের

সময় রায়নার জনপ্রিয় শো ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এ বিশেষ অতিথি হিসেবে বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। কিন্তু সেখানে এক প্রতিযোগীকে বাবা-মায়ের সঙ্গম নিয়ে অশোভন ও বেফাঁস প্রশ্ন করে তিনি বিতর্কের সূত্রপাত করেন। এই ঘটনা নিয়ে শুরু হওয়া বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় OTT প্ল্যাটফর্মগুলোকে আইনবিরোধী বিষয়বস্তু সম্প্রচারের বিরুদ্ধে আবারও সতর্ক করেছে।
মন্ত্রণালয় একটি নতুন নির্দেশিকা জারি করে OTT প্ল্যাটফর্মগুলোকে বয়স-ভিত্তিক শ্রেণীবিভাগ এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইন, ২০২১ মেনে চলার নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকায় অনলাইন বিষয়বস্তু প্রকাশক এবং OTT প্ল্যাটফর্মের স্ব-নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য আইনি ও নৈতিক নীতিমালার উপর জোর দেওয়া হয়েছে। ছয়টি মূল বিষয় তুলে ধরা হয়েছে এতে।
মন্ত্রণালয় জানিয়েছে, “পার্লামেন্ট সদস্য, বিধিবদ্ধ সংস্থার প্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছ থেকে OTT প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অশ্লীল বিষয়বস্তু নিয়ে অভিযোগ পাওয়া গেছে।” নির্দেশিকায় বলা হয়েছে, OTT প্ল্যাটফর্মগুলোকে আইন দ্বারা নিষিদ্ধ বিষয়বস্তু সম্প্রচার থেকে বিরত থাকতে হবে। বয়স-ভিত্তিক শ্রেণীবিভাগ মেনে কন্টেন্ট তৈরি ও সম্প্রচার করতে হবে। ‘A’ রেটেড বিষয়বস্তুর জন্য অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে শিশুদের হাতে এটি না পড়ে। এছাড়া, সম্প্রচারে সতর্কতা ও বিচক্ষণতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর একটি ভাইরাল ক্লিপে দেখা যায়, রণবীর এক প্রতিযোগীকে জিজ্ঞেস করছেন, “আপনি কি আপনার মা-বাবাকে সারা জীবন যৌনমিলনে লিপ্ত হতে দেখতে চান? নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে চান?” এই প্রশ্নে প্রতিযোগী অপ্রস্তুত হয়ে পড়েন। সময় রায়না তখন হাসতে হাসতে বলেন, “এগুলো ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।” কিন্তু এই মন্তব্য বিতর্ককে থামাতে পারেনি।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। বিতর্ক আদালত পর্যন্ত গড়ায় এবং রণবীর ও সময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে সময় রায়না তাঁর ইউটিউব চ্যানেল থেকে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’-এর সব পর্ব মুছে ফেলেছেন। এই ঘটনা OTT প্ল্যাটফর্মে বিষয়বস্তু নিয়ন্ত্রণের প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে।
কেন্দ্রের নতুন নির্দেশিকা কার্যকর হলে OTT প্ল্যাটফর্মগুলোর উপর কড়া নজরদারি বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এটি অনলাইন কন্টেন্টে স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য আনার একটি পদক্ষেপ। তবে এই নির্দেশনা কীভাবে বাস্তবায়িত হয় এবং শিল্পে এর প্রভাব কী হয়, সেদিকে নজর রয়েছে সবার।