সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, হতে পারে বৃষ্টি! ভিজতে চলেছে বাংলার কোন কোন জেলা?

ফাল্গুনের শুরুতেই হঠাৎ হাওয়াবদল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শিলাবৃষ্টিতে কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আলু তোলার কাজ চলছে, যার ওপর বৃষ্টির বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা চাষিদের।

শুধু বৃষ্টি নয়, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, দার্জিলিং-সিকিম অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায়— দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির দিনে কলকাতায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

হাওয়া অফিসের মতে, দিনের বেলায় মূলত পরিষ্কার আকাশ থাকলেও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, যার ফলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে রাতের দিকে। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কেটে যাওয়া এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের সংমিশ্রণের কারণেই টানা পাঁচদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে শীত কার্যত বিদায় নিয়েছে, আর তাপমাত্রা বাড়তে শুরু করেছে।