SPORTS: ভারতের জার্সিতে পাকিস্তানের নাম! চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থের ফিটনেস নিয়ে বাড়ছে সংশয়

পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয়ে, ভারতীয় ক্রিকেট দল এবার হাইব্রিড মডেলে অংশগ্রহণ করবে। দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, ভারতের জার্সিতে আয়োজক দেশের নাম পাকিস্তানের লেখা থাকবে কিনা। তবে পরে বিসিসিআই নিশ্চিত করেছে যে, ভারতের জার্সিতে আয়োজক দেশের নাম সহ টুর্নামেন্টের লোগো থাকবে, যদিও ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলবে।

ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চার বিষয় ছিল। বিশেষত, জার্সির ওপর আয়োজক দেশের নামসহ টুর্নামেন্টের লোগো থাকা নিয়ে বিতর্ক উঠেছিল। কিন্তু বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে, ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকবে। এই জার্সিটি সেই একই ডিজাইন যা গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে পরেছিল ভারত। কাঁধে তেরঙা ও সাদা স্ট্রাইপ এবং টুর্নামেন্টের লোগো জার্সির ডান দিকে স্থান পেয়েছে। পাশাপাশি, জার্সির বাঁদিকে রয়েছে বিসিসিআইয়ের লোগো এবং দুটি তারা, যা ওডিআই ম্যাচে ভারতের ঐতিহ্য।

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম জিতেছিল ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে, এরপর ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। যদিও রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত ৫০ ওভারের বিশ্বকাপ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতেনি, গত বছর টি২০ বিশ্বকাপ জয়ের পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আইসিসি ইভেন্ট জেতার জন্য ফুরফুরে মেজাজে রয়েছেন রোহিতরা।

ভারতীয় দলের দুবাইয়ে টানা দুই দিন অনুশীলন চলছে, তবে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে আরও একটি অনুশীলন হবে। উইকেটকিপার হিসেবে ভারতীয় দলে থাকবেন লোকেশ রাহুল। অন্যদিকে, ঋষভ পন্থের হাঁটুতে চোট লাগায় তার ফিটনেস নিয়ে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। রবিবার অনুশীলন চলাকালীন হার্দিক পাণ্ডিয়ার শট পন্থের হাঁটুতে লাগে, তবে তাতেও পন্থ অনুশীলনে ফিরে এসেছিলেন। তবে তার হাঁটাচলার ধরন পুরোপুরি স্বাভাবিক ছিল না এবং উইকেটকিপিং প্র্যাকটিসেও অংশ নিতে পারেননি।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় দলের মধ্যে যথেষ্ট উত্তেজনা এবং আশাবাদ রয়েছে। এই টুর্নামেন্টে নতুন জার্সি পরেই ফুরফুরে মেজাজে নিজেদের প্রস্তুতি শুরু করেছে রোহিত শর্মার নেতৃত্বে ভারত।