বাজেটের আগেই মিললো সুখবর, LPG সিলিন্ডারের দাম কমে গেল, জেনেনিন কত ?

বাজেট পেশের আগে সাধারণ মানুষের জন্য এসেছে স্বস্তির খবর। দেশের তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ৭ টাকা হ্রাসের ফলে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ১৮০৪ টাকা থেকে কমে হয়েছে ১৭৯৭ টাকা।
কলকাতায় নতুন দাম
কলকাতার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমে হয়েছে ১৯০৭ টাকা। মুম্বইতে নতুন দাম ১৭৪৯.৫০ টাকা, যা আগে ছিল ১৭৫৬ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯৬৬ টাকা থেকে কমে হয়েছে ১৯৫৯.৫০ টাকা।
পূর্বেও হয়েছিল মূল্য হ্রাস
এর আগে, ১ জানুয়ারিও এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে বারবার দাম কমানোয় ব্যবসায়ী ও ভোক্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
স্বস্তি না মূল্যবৃদ্ধির আশঙ্কা?
অন্যদিকে, বাজেট পেশের আগেই সোনার দামে লাফিয়ে বৃদ্ধি হয়েছে। সাধারণ মানুষের চোখ এখন বাজেট ঘোষণার দিকে। আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। আয়করে ছাড় মিলবে কি না, পেট্রোল-ডিজেলের দাম কমবে কি না, এই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে বৃদ্ধি?
সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকার অঙ্ক বছরে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে। বাজেটে তা ঘোষণা করা হবে কি না, সেটাই দেখার।
নতুন কর কাঠামোতে পরিবর্তন?
মনে করা হচ্ছে, নতুন কর কাঠামোয় ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত ঘোষণা করা হতে পারে। ১৫-২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কারীদের জন্য করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করারও সম্ভাবনা রয়েছে। মুদ্রাস্ফীতির বোঝা কমাতে আবগারি শুল্ক হ্রাসের ফলে পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
সাধারণ মানুষ বাজেট ঘোষণায় কী সুবিধা পান, সেটাই এখন সবার কৌতূহলের বিষয়।