১ ফেব্রুয়ারি থেকে বদলাবে অনলাইন পেমেন্টের নিয়ম, স্ক্যান করার আগেই সতর্ক হন

দেশের সবথেকে জনপ্রিয় অনলাইন পেমেন্ট মাধ্যম ইউপিআই (UPI)-এর নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ১ ফেব্রুয়ারি থেকে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) নতুন নির্দেশিকা জারি করেছে, যার ফলে অনলাইনে পেমেন্ট করার সময় যদি ট্রানজাকশন আইডি-তে স্পেশাল ক্যারেক্টার (যেমন @, #, $, ইত্যাদি) থাকে, তবে সেই লেনদেন বাতিল হয়ে যাবে।

বর্তমানে অনলাইনে পেমেন্ট করার সময়, প্রতিবার একটি ট্রানজাকশন আইডি তৈরি হয়, যা অক্ষর ও সংখ্যা (অ্যালফানিউমেরিক) মিশ্রণ হয় এবং মাঝে মাঝে কিছু বিশেষ ক্যারেক্টারও থাকতে পারে। তবে, ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়মে বদল আনা হচ্ছে। এনপিসিআই জানিয়েছে, ইউপিআই ট্রানজাকশন আইডি-তে শুধুমাত্র অ্যালফানিউমেরিক ক্যারেক্টার থাকতে হবে। অর্থাৎ, @, #, $, এমন স্পেশাল ক্যারেক্টারগুলো থাকলে, সেই পেমেন্ট আর সফলভাবে সম্পন্ন হবে না এবং বাতিল হয়ে যাবে।

এনপিসিআই আরও জানিয়েছে, যারা নিয়মিত অনলাইনে লেনদেন করেন, তাদের উচিত এই পরিবর্তনের বিষয়ে সচেতন হওয়া। পেমেন্টের সময় নতুন নিয়ম মেনে ট্রানজাকশন আইডি তৈরির দিকে লক্ষ্য রাখতে হবে।

গত কয়েক বছর ধরে দেশে ইউপিআই পেমেন্টের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ইউপিআই ট্রানজাকশন রেকর্ড ১৬.৭৩ বিলিয়নে পৌঁছেছে, যেখানে নভেম্বরে ছিল ১৫.৪৮ বিলিয়ন। ডিসেম্বরে ইউপিআই-এর মাধ্যমে মোট ২৩.২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছিল।

এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, ইউপিআই ব্যবহারকারীরা আরও সহজ ও নিরাপদভাবে অনলাইন পেমেন্ট করতে পারবেন, তবে স্পেশাল ক্যারেক্টার না ব্যবহার করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।