জেলে কিভাবে একলা দিন কাটাবেন পার্থ চট্টোপাধ্যায়? পরামর্শ দিলেন বিধায়ক মদন মিত্র

ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হেফাজতের মেয়াদ শেষে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। বৈভবের জীবন এখন অতীত। রাজনৈতিক সঙ্গীদেরও দেখা নেই।

জেলের অন্ধকারে একা দিন কাটছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কিভাবে কাটবে একাকী জীবন ? জেলের কুঠুরিতে বন্দি পার্থকে একাকী জীবন কাটানোর মন্ত্র শেখালেন বিধায়ক মদন মিত্র। তিনি বললেন, জীবনের কিছুটা সময় একলা চলতে হয়। একা চলাটাও একটা আর্ট। সময় শিখিয়ে দেবে একা চলার সময় কিভাবে লড়তে হবে। ইতিহাস অনুযায়ী, গৌতম বুদ্ধ সাধনা করেছিলেন একই।

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিন আবেদন খারিজ করে কলকাতার ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন পার্থ এবং অর্পিতা।

তবে জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ইডি। দুজন ইডি অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে জেলে যেতে পারবেন। ইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এমন নির্দেশনা দিয়েছেন।