“শান্তিপূর্ণ স্নান চলছে, গুজবে কান দেবেন না”-মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পরে বললেন যোগী আদিত্যনাথ

মহাকুম্ভ মেলার সঙ্গম তীরে পদপিষ্ট হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন তিনি এবং পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন। মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনার পর থেকে সঙ্কটময় মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক বার যোগীকে ফোন করে প্রয়োজনীয় আপডেট জানতে চেয়েছেন।
মহাকুম্ভে স্নান উপলক্ষে সঙ্গম তীরে ভক্তদের ব্যাপক ভিড় জমে, যার ফলে বিপত্তি ঘটে। মঙ্গলবার রাত ২টার দিকে, সঙ্গমের ব্যারিকেড ভেঙে কয়েকজন পুণ্যার্থী পদপিষ্ট হন এবং তাদের মধ্যে গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স (পুরোনো টুইটার) হ্যান্ডলে এক পোস্টে বলেন, “সঙ্গমের প্রতিটি ঘাটে শান্তিপূর্ণ স্নান চলছে, গুজবে কান দেবেন না।” তিনি আরও জানান, “প্রয়াগরাজে বর্তমানে ৮ থেকে ১০ কোটি পুণ্যার্থী রয়েছেন। অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, তবে প্রশাসন পরিস্থিতি পুরোপুরি নজরদারিতে রেখেছে।”
যোগী আরও বলেন, “প্রয়াগরাজে সকাল ২টোর দিকে ব্যারিকেড ভেঙে কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সমস্ত বন্দোবস্ত করা হয়েছে যাতে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে অমৃতস্নান করতে পারেন এবং নিরাপদ থাকেন।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহাকুম্ভের স্নান পুনরায় শুরু করার আগে ভিড় কিছুটা কমানো হবে এবং পুরো পরিস্থিতি প্রশাসন মনিটর করছে। তিনি বলেন, “মুখ্য সচিব, এডিজি আইনশৃঙ্খলা, জেলাশাসক ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।”
এদিকে, পদপিষ্ট হওয়ার ঘটনায় আখড়া মহামণ্ডলও মৌনী অমাবস্যায় স্নান বাতিল করার সিদ্ধান্ত নেয়। পরমার্থ নিকেতনের প্রধান চিদানন্দ সরস্বতী মহারাজ জানিয়েছেন, “আমরা সব অনুষ্ঠান বাতিল করেছি এবং জখমদের সুস্থতার জন্য শান্তিপূজা করেছি।” তিনি বলেন, “এখন সঙ্গমে স্নান করার কোনও মানে নেই, মানুষের সুরক্ষাই সবচেয়ে বড় পুণ্যস্নান।”
অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী বলেন, “আমরা মৌনী অমাবস্যায় স্নান না করার সিদ্ধান্ত নিয়েছি।”
যোগী আদিত্যনাথও এ বিষয়ে বলেন, “আপাতত যে যেখানে রয়েছেন, সেখানেই পুণ্যস্নান করুন।” তিনি আরও দাবি করেন, “প্রয়াগরাজের সমস্ত ঘাটে শান্তিপূর্ণভাবে অমৃতস্নান চলছে।”
এদিকে, পুলিশ এবং স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সকল পুণ্যার্থীদের শান্তি বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করছে।