নবনীতার পর জিতুর জীবনে নতুন কেউ? কাশ্মীর থেকে ছবি পোস্ট করতেই শুরু জল্পনা

একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন জিতু কমল ও নবনীতা দাস। তাদের সুখী দাম্পত্য জীবন ছিল সকলের কাছে উদাহরণ। কিন্তু প্রায় দুই বছর আগে তাদের সম্পর্কের সমীকরণ বদলে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রথম নবনীতা ঘোষণা করেন যে তারা আর একসঙ্গে থাকছেন না। গত বছর তাদের আইনি বিচ্ছেদও সম্পন্ন হয়েছে। এখন দুজনেই আলাদা পথে চলছেন। এরই মাঝে জিতুর একটি ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে, যেখানে তাকে এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেতা নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

রবিবার রাতে জিতু তার সোশ্যাল মিডিয়া পেজে দুটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাকে কাশ্মীরের মনোরম পরিবেশে এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা যায়। দুজনেই বরফে ঢাকা পাহাড়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছবির ক্যাপশনে জিতু লেখেন, “অবিস্মরণীয় মুহূর্ত। ধন্যবাদ মহাবিশ্ব।” এই পোস্টের পর অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন জিতুর পাশে থাকা এই নারীটি কে। যদিও জিতু এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে কি জিতু কমল নতুন জীবন শুরু করতে চলেছেন?

জিতু ও নবনীতার সম্পর্কের অবনতির সময়ে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জিতুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে নবনীতা নিজেই সেই জল্পনাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন। নবনীতা ও জিতুর বিচ্ছেদের আসল কারণ এখনও অজানা। তাদের বিচ্ছেদের পরেই নবনীতার প্রেমের সম্পর্কের খবরও ছড়িয়ে পড়েছিল টলিউডে। বর্তমানে দুজনেই নিজেদের ‘সিঙ্গেল’ বলেই দাবি করেন।

View this post on Instagram

A post shared by The jeetu🇮🇳J.K (@jeetu_kamal)

তবে জিতু যে ছবি দুটি পোস্ট করেছেন, সেখানে তার পাশে থাকা রহস্যময়ী নারী আর কেউ নন, তিনি হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জিতু দিতিপ্রিয়ার সঙ্গেই কাশ্মীর ভ্রমণে গিয়েছেন। দীর্ঘ সময় পর জিতু ছোট পর্দায় ফিরছেন এবং এই সিরিয়ালে তার বিপরীতে রয়েছেন দিতিপ্রিয়া। তারা বর্তমানে জি বাংলার আসন্ন একটি সিরিয়ালের শুটিংয়ের জন্য কাশ্মীরে অবস্থান করছেন। প্রথমে এই মেগার নাম ‘তোমাকে ভালোবেসে’ ঠিক করা হয়েছিল, তবে সূত্র মারফত খবর, সিরিয়ালটির নাম পরিবর্তন করা হচ্ছে। প্রথমে দিতিপ্রিয়ার বিপরীতে এই সিরিয়ালে রাহুল মজুমদারের অভিনয় করার কথা ছিল, কিন্তু পরে তিনি সরে দাঁড়ান।