“প্রায় ১.৫কিমি পেছনে টেনে নিয়ে যাওয়া হলো ট্রেন”-মাঝপথে ইঞ্জিন বিকল, আতঙ্কিত যাত্রীরা

রবিবার রাতে হলদিবাড়ি-শিয়ালদহ ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হওয়ায় চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা। আলুয়াবাড়ি রোড স্টেশন সংলগ্ন ইসলামপুরের শান্তিনগর কলোনি এলাকায় রাত সাড়ে ৮টা নাগাদ প্রবল ঝাঁকুনি দিয়ে আচমকা দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এই আকস্মিক ঘটনায় যাত্রী ও রেলকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানা যায় ইঞ্জিন বিকল হওয়ার কারণেই ট্রেনটি থেমে গেছে।
যাত্রীদের আতঙ্ক ও উদ্বেগ:
প্রায় দেড় ঘণ্টা পর একটি নতুন ইঞ্জিন আনা হয় এবং বিকল হওয়া ট্রেনটিকে যাত্রী সহ প্রায় দেড় কিলোমিটার পিছনের দিকে আলুয়াবাড়ি রোড স্টেশনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রেনটিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে ইঞ্জিন মেরামতের কাজ চলার পর রাত সাড়ে ১১টা নাগাদ ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। দেরিতে ছাড়ার কারণে যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা যায়।
যানজট ও যাত্রীদের প্রতিক্রিয়া:
ট্রেনটি শান্তিনগর রেল গেট পেরোনোর আগেই বিকল হওয়ায় সেখানে যানজট সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে আলিনগর রেল গেটেও। বহু যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
ওই ট্রেনের যাত্রী দুলাল অধিকারী জানান, ট্রেন দেরিতে চলায় সোমবার অফিসে যাওয়া নিয়ে তিনি চিন্তিত। তিনি বলেন, “ট্রেন লেট হবে বলে মনে হচ্ছে। সোমবার অফিস রয়েছে। বুঝতে পারছি না আদৌ কাজে যেতে পারব কি না। একটা পরিকল্পনা করে বেরিয়েছিলাম।”
একই রকম উদ্বেগের কথা জানান আরেক যাত্রী সোমনাথ ভদ্র। তিনি টালিগঞ্জের বাসিন্দা এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই ট্রেনে উঠেছিলেন। মাঝপথে এই বিপত্তির কারণে সোমবার অফিসে সময় মতো পৌঁছাতে পারবেন কিনা, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। শুধু এই দুজন যাত্রীই নন, আরও অনেক যাত্রী একই রকম আশঙ্কা প্রকাশ করেছেন।