সকাল ৯টা বেজে গেলেও পায়নি কোনো সারা, মা-মা করে ডেকে ঘরে ঢুকতেই গায়ে কাঁটা দিল মেয়ের!

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৭৫ বছর বয়সী ফুলজান বিবিকে তার নিজের বাড়িতে গলা কেটে খুন করা হয়েছে। শুক্রবার সকালে তার ছোট মেয়ে মায়ের খোঁজে এসে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং খুনের কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলজান বিবি বাড়িতে একাই থাকতেন। তার দুই মেয়ে পাশেই থাকতেন। প্রতিদিনের মতো সেদিনও ফুলজান বিবি তালা বন্ধ করে ঘুমোতে যান। কিন্তু সকালে ৯টা বেজে গেলেও তার কোনো সাড়া না পাওয়ায় ছোট মেয়ে রচিয়া বিবি মায়ের বাড়িতে যান। গিয়ে দেখেন ঘরের তালা খোলা এবং দরজা ভেজানো। ঘরে ঢুকেই রচিয়া বিবি খাটের উপর মায়ের গলা কাটা মৃতদেহ দেখতে পান।

রচিয়া বিবি জানান, “সকাল ন’টা বেজে যাওয়ার পরও মা ঘুম থেকে না ওঠায় চিন্তা হচ্ছিল। এরপর আমি বাড়িতে আসি। প্রতিদিন মা তালা দিয়ে ঘুমোয়। আজ দেখি ঘরের তালা খোলা। দরজা ভেজানো। ঘরে ঢুকে দেখি খাটে মা শুয়ে। আমি মায়ের গায়ে হাত দিয়ে ডাকতেই অনুভব করি শরীর পুরো ঠান্ডা। ভেবেছিলাম স্ট্রোক হয়েছে। কিন্তু না। পরে দেখে কেউ গলা কেটে ফেলে রেখে গিয়েছে।”

পরিবারের দাবি, ফুলজান বিবির কোনো শত্রু ছিল না এবং তার তেমন কোনো অর্থ-সম্পত্তিও ছিল না যার জন্য কেউ তাকে খুন করতে পারে। এমন পরিস্থিতিতে, কেন তাকে খুন করা হল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

জেটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। তবে খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করছে এবং পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত, তা জানতে পুলিশ তৎপর।