TRAI-এর নজরে জিও-এয়ারটেল-ভি, পাশ করতে হবে এই নতুন পরীক্ষায়!

সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (ভি) একাধিক ভয়েস কল এবং এসএমএস প্রিপেড প্ল্যান প্রকাশ করেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসেম্বরে ট্রাই গ্রামীণ এলাকার বৃদ্ধ মোবাইল ব্যবহারকারীদের জন্য কম দামের প্ল্যান আনার কথা বলেছিল। কিন্তু মোবাইল সংস্থাগুলির প্রকাশিত প্ল্যানগুলি ‘কম দামি’ নয় বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রেই আগের প্ল্যানের বদলে প্রায় একই দামে নতুন প্ল্যান চালু করা হয়েছে। এই পরিস্থিতিতে, ট্রাই এই প্ল্যানগুলির মূল্যায়ন করবে।

ট্রাই জিও-র ৪৫৮ ও ১৯৫৮ টাকার প্ল্যান, এয়ারটেলের ৪৯৯ ও ১৯৫৯ টাকার প্ল্যান এবং ভি-র ১৪৬০ টাকার প্ল্যানগুলির উপর বিশেষ নজর রাখছে। ট্রাই জানিয়েছে, “ট্রাই-এর নজরে এসেছে যে সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি শুধুমাত্র ভয়েস এবং এসএমএস প্ল্যান প্রকাশ করেছে। এই প্ল্যানগুলির বিষয়ে সংস্থাগুলিকে ৭ দিনের মধ্যে ট্রাই-এর কাছে রিপোর্ট জমা দিতে হবে। ট্রাই এই প্ল্যানগুলি খতিয়ে দেখবে।”

অনেক মোবাইল পরিষেবা প্রদানকারী এই ভয়েস ও এসএমএস প্ল্যানগুলিকে ‘ভ্যালু প্যাক’ হিসেবে উল্লেখ করেছে। দৈনিক খরচের হিসেবে এই প্ল্যানগুলিতে গ্রাহকদের বেশি খরচ না হলেও, দীর্ঘ মেয়াদের জন্য একবারে বেশি টাকা দিতে হবে।

ট্রাই মূলত ইন্টারনেট ছাড়াই শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএস প্যাক চালু করার নির্দেশ দিয়েছিল। কারণ অনেক গ্রাহকের ইন্টারনেটের প্রয়োজন হয় না এবং তাদের অহেতুক ডেটা প্ল্যানের জন্য বেশি টাকা দিতে হয়। সেই সমস্যা দূর করার জন্যই ট্রাই এই নির্দেশিকা জারি করে। তবে অভিযোগ উঠেছে যে কয়েকটি প্ল্যানের ক্ষেত্রে ইন্টারনেট তুলে দিয়ে দাম একই রেখে সেগুলিকে শুধুমাত্র ভয়েস কলিং এবং মেসেজ প্ল্যান করা হয়েছে। এখন দেখার বিষয়, ট্রাই এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।