আমেরিকায় জন্মগত নাগরিকত্ব থাকছে? আদালতে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় না পড়ার জন্য যুক্তরাষ্ট্রে ভারতীয় দম্পতিদের আগাম সন্তান জন্মদানের হিড়িক চলছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে গিয়ে সি-সেকশন করার জন্য বুকিং নিচ্ছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন তিন। গত ২০ জানুয়ারি (সোমবার) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি, তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল।

এরপরেই একাধিক স্টেটে ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিয়াটলের ফেডারেল আদালতের বিচারক জন কফেনওয়ার চারটি ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন রাজ্যের অনুরোধে একটি অস্থায়ী স্থগিতাদেশ জারি করেন এই নতুন আদেশের উপর। তিনি বিচারবিভাগীয় আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘এই আদেশটি সম্পূর্ণ অসাংবিধানিক।’ শুনানি শেষে বিচারক জানিয়ে দেন, ট্রাম্পের নির্দেশে সংবিধানের আদর্শ লঙ্ঘিত হয়েছে।