F.D: নগদ পেতে বেশি সুদে শর্ট টার্ম এফডি দিচ্ছে ব্যাঙ্কগুলি, জেনেনিন কোন ব্যাঙ্কের কত সুদ?

নগদের জোগানে টান পড়ায় গ্রাহকদের আকৃষ্ট করতে মেয়াদি আমানতের সুদের হার বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য নতুন করে আর্থিক সাহায্য করবে না বলায়, এই পরিস্থিতি আরও কঠিন হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে মানুষের সঞ্চয় কমায় ব্যাঙ্কগুলির আমানত তলানিতে ঠেকেছে, যা ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি বিশেষ মেয়াদি আমানত প্রকল্প, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আমানত প্রকল্প এবং বাল্ক ডিপোজ়িট প্রকল্পের মতো বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে আসছে।

আইডিবিআই ব্যাঙ্কের বিশেষ উদ্যোগ:

আইডিবিআই ব্যাঙ্ক ‘আইডিবিআই চিরঞ্জিবী-সুপার সিনিয়র সিটিজ়েন এফডি’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। ৮০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য এই প্রকল্পে সাধারণ মেয়াদি আমানত প্রকল্পের থেকে ০.৬৫ শতাংশ বেশি এবং চিরাচরিত সিনিয়র সিটিজ়েন প্রকল্পের তুলনায় ০.১৫ শতাংশ বেশি সুদ দেওয়া হচ্ছে।

এই প্রকল্পে বিভিন্ন মেয়াদের আমানতের উপর সুদের হার:

৫৫৫ দিন: ৮.০৫ শতাংশ
৩৭৫ দিন: ৭.৯ শতাংশ
৪৪৪ দিন: ৮ শতাংশ
৭০০ দিন: ৭.৮৫ শতাংশ
এই নতুন প্রকল্প ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ব্যাঙ্ক অফ বরোদার লিকুইড ফিক্সড ডিপোজ়িট স্কিম:

ব্যাঙ্ক অফ বরোদা ‘লিকুইড ফিক্সড ডিপোজ়িট স্কিম’ এনেছে, যেখানে প্রাথমিক ৫,০০০ টাকা জমা দেওয়ার পরে ১,০০০ টাকার গুণিতকে টাকা তোলা যাবে। ৩ কোটি টাকার কম আমানতকে রিটেল ডিপোজ়িট এবং তার বেশি আমানতকে বাল্ক ডিপোজ়িট হিসেবে গণ্য করা হবে।

১২ মাস থেকে ৬০ মাসের মেয়াদি আমানতে বর্তমান সুদের হারের উপর নির্ভর করে অতিরিক্ত সুদ দেওয়া হবে। প্রবীণ নাগরিকরা তিন বছর পর্যন্ত মেয়াদি আমানতে অতিরিক্ত ০.৫ শতাংশ এবং তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আমানতে অতিরিক্ত ০.৬ শতাংশ সুদ পাবেন। সুপার সিনিয়র সিটিজ়েনরা এক বছর মেয়াদের বেশি আমানতে অতিরিক্ত ০.১ শতাংশ বেশি সুদ পাবেন।

অন্যান্য ব্যাঙ্কগুলির পদক্ষেপ:

স্টেট ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্কও আমানতে সুদের হার বাড়িয়েছে।

আমানত ও ঋণের ভারসাম্যহীনতা:

ডিসেম্বরের শেষ ১৫ দিনে ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার পরিমাণ আমানতকে ছাপিয়ে যায়। আরবিআই-এর তথ্য অনুযায়ী, ব্যাঙ্কগুলির ঋণ ১১.১৬ শতাংশ হারে বাড়লেও আমানত বেড়েছে মাত্র ৯.৮ শতাংশ। এর ফলে ব্যাঙ্কগুলির কাছে নগদের জোগান কমে যাওয়ায় তারা গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে।