অমিতাভ-রেখার রোমান্স দেখে কেঁদেছিলেন জয়া, ঘটনা ফাঁস করলেন রেখা নিজেই

বলিউডের অন্যতম চর্চিত ত্রিকোণ প্রেমের গল্প অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া বচ্চনকে ঘিরে। অমিতাভ ও রেখার প্রেমের গুঞ্জন আজও বি-টাউনের আনাচে কানাচে শোনা যায়। কিন্তু স্বামীর সঙ্গে অন্য নারীর ঘনিষ্ঠতা একজন স্ত্রীর মনে কেমন প্রভাব ফেলে, তার একটি চিত্র রেখা নিজেই তুলে ধরেছিলেন।
ঘটনাটি ‘মুকদ্দর কা সিকান্দার’ ছবির প্রিমিয়ারের সময়ের। প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে অমিতাভ ও রেখা একসঙ্গে অভিনয় করেছিলেন। ছবি মুক্তির আগে বচ্চন পরিবারের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।
রেখা জানান, জয়া বচ্চন সামনের সারিতে বসেছিলেন, আর অমিতাভ তার বাবা-মায়ের সঙ্গে পিছনের সারিতে ছিলেন। রেখা বলেন, “আমি জয়া দিদিকে যতটা দেখতে পাচ্ছিলাম, ওরা ততটা দেখতে পাচ্ছিল না।”
হঠাৎই রেখা লক্ষ্য করেন জয়ার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার চোখ জলে ভরে উঠেছে। সেই মুহূর্তে পর্দায় অমিতাভ ও রেখার রোমান্টিক দৃশ্য চলছিল। রেখার দাবি, স্বামীকে অন্য নারীর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে দেখে জয়া নিজেকে সামলাতে পারেননি।
এই ঘটনার পরেই অমিতাভ রেখার সঙ্গে আর কাজ করতে রাজি হননি বলে শোনা যায়। যদিও ১৯৮১ সালে ‘সিলসিলা’ ছবিতে তারা আবারও একসঙ্গে কাজ করেন। গুঞ্জন রয়েছে, এই ছবির পর রেখা ও জয়ার সম্পর্কের আরও অবনতি ঘটে।
রেখা যদিও দাবি করেন যে জয়া আজও তাকে ‘দিদিভাই’ হিসেবে দেখেন এবং তাদের মধ্যে আগের মতোই সম্পর্ক রয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর অন্য কথা বলে।