SPORTS: কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি, কি সাজা হলো কোহলির?

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই দুই দলের ক্রিকেটাররা বেশ কয়েকটি আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন। যার একটি– ভারতীয় তারকা বিরাট কোহলির ইচ্ছাকৃতভাবে অভিষিক্ত অজি ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনা। আলোচিত সেই ঘটনায় তাৎক্ষণিক শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি, যার ভুক্তভোগী কোহলি।
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে প্রথম দিন শেষে কিছুটা এগিয়েই রয়েছে অস্ট্রেলিয়া। যেখানে অজিদের স্কোর ৬ উইকেটে ৩১১ রান। এখনও ৬৮ রানে অপরাজিত আছেন অজি তারকা স্টিভ স্মিথ। অন্যদিকে, জাসপ্রিত বুমরাহ অজিদের সেই স্বস্তির জায়গায় ধাক্কা দিয়েছেন বারবার, তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে দিন শেষে ১৯ বছরের কনস্টাসের সঙ্গে ৩৬ বছর বয়সী কোহলির আচরণই আলোচনার কেন্দ্রে রয়েছে।
এক প্রতিবেদনে ভারতীয় তারকার শাস্তির কথা জানিয়েছে ক্রিকবাজ বলছে, কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় কোহলি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। ম্যাচে শারিরীক ভাষা ঠিক রাখার জন্য কিছু ক্রিকেটীয় রীতি আছে। আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
আইসিসির নিয়মে বলা হয়েছে, ‘ক্রিকেটে যেকোনো ধরনের শারিরীক আঘাত অনুপযুক্ত। যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া কিংবা উদাসীনভাবেও প্রতিপক্ষ ক্রিকেটার বা আম্পায়ারের দিকে তেড়ে, দৌড়ে যায় কিংবা কাঁধ দিয়ে ধাক্কা দেয় তাহলে সেটি সিওসি নীতিমালা ভঙ্গ করে।’
ঘটনাটি ঘটেছে অজি ইনিংসের দশম ওভারে। টিভি রিপ্লেতে দেখা যায়, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে গিয়ে ধাক্কা মারেন। ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক, ‘কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে।’
“Have a look where Virat walks. Virat’s walked one whole pitch over to his right and instigated that confrontation. No doubt in my mind whatsoever.”
– Ricky Ponting #AUSvIND pic.twitter.com/zm4rjG4X9A
— 7Cricket (@7Cricket) December 26, 2024
খুশি হতে পারেননি ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারও। একইসঙ্গে দুজনেরই শাস্তির সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। কারণ ধাক্কা দেওয়ার পর কোহলি-কনস্টাস উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। গাভাস্কার বলেন, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’
অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চটেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। ধারাভাষ্যকক্ষ থেকে বলেছেন, ‘বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।’