SSC-র সেই ২৬,০০০ চাকরির কী হবে? সকলের নজরে সুপ্রিম কোর্টের শুনানি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত ২৬ হাজার চাকরি বাতিলের মামলার গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

এই মামলার প্রেক্ষাপট বেশ কয়েক বছর ধরে চলছে। ২০১৬ সালে SSC-র নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে গত ২২শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এক রায়ে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। এর ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়।

হাইকোর্টের এই রায় ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। মধ্যশিক্ষা পর্ষদ, SSC এবং চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-ও এই মামলায় পক্ষ। ফলে, সমস্ত পক্ষই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়।

এর আগে, গত ১২ই ডিসেম্বর এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু আদালত সেদিন জানিয়েছিল যে, মামলার চূড়ান্ত রায়দান এখনই সম্ভব নয়। একইসঙ্গে আদালত ১৯শে ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে।

পূর্বে, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলার শুনানি করছিল এবং চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তাঁর এজলাসে মামলাটি ওঠে। আগের শুনানিতে প্রধান বিচারপতি খান্না ইঙ্গিত দিয়েছিলেন যে, আদালত মূলত দুটি বিষয়ের উপর শুনানি করবে – পুরো প্যানেল বাতিল হবে নাকি শুধুমাত্র বেআইনিভাবে নিযুক্ত প্রার্থীদের চাকরি বাতিল হবে।

আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। সকলের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। এই মামলার প্রতিটি আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন।