হুবহু যেন পুরী! দিঘার জগন্নাথ মন্দির কেমন হচ্ছে? দেখেনিন প্রথম ঝলক

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠছে দিঘার নতুন জগন্নাথ ধাম। বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে মন্দিরের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। তিন দিনের দিঘা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দেখেছেন, সমুদ্র সৈকতের ধারে গড়ে উঠা এই মন্দির পুরীর মন্দিরের মতোই ঐশ্বর্যময় হয়ে উঠছে।

মুখ্যমন্ত্রীর আগমনে ওল্ড দিঘার বিশ্ববাংলা গেটের কাছে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে। তিন হাজার পুলিশ, সিভিল ডিফেন্স এবং নুলিয়ারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন রয়েছে। সমুদ্রে স্পিড বোটও গস্ত করে।

দিঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির উপর এই বিশাল প্রকল্পটি গড়ে উঠছে। ২০১৮ সালে ২০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের অক্ষয় তৃতীয়ায় নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। যদিও মন্দিরের উদ্বোধনীর সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন যে, আগামী বছর থেকেই এই নতুন জগন্নাথ মন্দিরে রথযাত্রা পালন করা হবে। মন্দির নির্মাণের সঙ্গে সঙ্গে আশপাশের অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নও চলছে।

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের ফলে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে নতুন এক অধ্যায় যুক্ত হতে চলেছে। এই মন্দির দিঘাকে আরও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করবে বলে আশা করা হচ্ছে। পুরীর পর দিঘায় জগন্নাথ মন্দিরের আগমনে দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটি নতুন ধর্মীয় কেন্দ্র তৈরি হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তিনি চান এই মন্দির যাতে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই ঐতিহ্যবাহী ও ধর্মীয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁর এই উদ্যোগে দিঘা বাসিন্দারাও খুশি।