“কলকাতা দখলে ঢাকা থেকে আসছে ৩ লাখ রিকশা”- দাবি শুভেন্দুর

পশ্চিমবঙ্গর বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন। বিজেপির এই নেতা এবার বাংলাদেশকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে খবর আছে, কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে। যদিও বাংলাদেশে হাতে টানা রিকশার অস্তিত্ব নেই।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও নিউজ-১৮ এই তথ্য জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।’’
বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি বেশ সরব হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু। গতকাল এক সমাবেশে বক্তৃৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে। ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনও ধারণা নেই বাংলাদেশের। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’’
এর আগে, গত ২ ডিসেম্বর বিজেপির এই নেতা বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর পেট্রাপোলে এক সভায় বলেছিলেন, ‘‘ইউনুস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয়, ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না।’’
পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সেদিন তিনি বলেন, ‘‘১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হতে পারে না ভবিষ্যৎ।’’