ইউক্রেন ছাড়াও কার সঙ্গে সরাসরি যুদ্ধ হচ্ছে জানাল রাশিয়া

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ করেছে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দার সহকারী প্রধান ভাদিম স্কিবিটস্কির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ অভিযোগ করলো রাশিয়া।
ভাদিম স্কিবিটস্কি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো দীর্ঘ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করছে কিভ। এটি সঠিক তথ্য এবং চমৎকার স্যাটেলাইন প্রতিচ্ছবি প্রদান করতে পারে।
স্কিবিটস্কি যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, আঘাতগুলো করার আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে পরামর্শ করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরাসরি লক্ষ্যবস্তুর তথ্য দিচ্ছেন না।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্কিবিটস্কির সাক্ষাৎকার প্রমাণ করে যে, ইউক্রেন যুদ্ধ কমাতে অস্ত্র সরবরাহ সীমাবদ্ধ করার বারবার প্রতিজ্ঞার পরও ওয়াশিংটন ইউক্রেনকে গভীর যুদ্ধে ছেড়ে দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র সরাসরি মস্কোর মুখোমুখি হতে চায় না। তারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে বিজয়ী হতে চায়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, সবধরনের স্বীকৃত বাস্তবতাই প্রমাণ করছে যে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে সরাসরি ওয়াশিংটনও যুদ্ধে লিপ্ত।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, দোনবাসসহ অন্যান্য অঞ্চলের বেসামরিক অবকাঠামোর আবাসিক এলাকায় রকেট হামলার জন্য দায়ী বাইডেন প্রশাসন।
রাশিয়ার এ অভিযোগ উঠার পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ বা পেন্টাগন।