“মাংস-ভাত খেতে তৃণমূলের সভায় যান কর্মীরা'”-‘বেফাঁস’ মন্তব্য বিজেপির জেলা সভাপতির

বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিতর্কিত মন্তব্যে জেলা রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি মহম্মদ বাজারে দলীয় বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে দাবি করেছেন যে, দু’শো টাকা আর মাংস-ভাত খাওয়ার জন্য বিজেপি কর্মীরাই তৃণমূলের সভায় যান। তাঁর এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।

ধ্রুব বলেন, ‘আমার পাড়ার এলাকায় সকলেই বিজেপি কর্মী। কিন্তু টোটোতে তৃণমূলের পতাকা লাগানো থাকে। জিজ্ঞাসা করে জানতে পারি ২০০ টাকা এবং মাংস ভাত খাওয়ার জন্যই বিজেপি কর্মীরা যাচ্ছেন তৃণমূলের মিটিংয়ে।’

ধ্রুব সাহার এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরেও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁর এই মন্তব্য নিজের দলের কর্মীদের অপমান করা হিসাবে অনেকেই মনে করছেন। তাঁর এই মন্তব্যের ফলে দলের ভিতরে ফাটল ধরার আশঙ্কাও দেখা দিয়েছে।

ধ্রুব সাহার মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এই মন্তব্য দুর্ভাগ্যজনক। তৃণমূল কাউকে মাংস ভাত খাওয়ানোর জন্য নিয়ে আসে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পে আকৃষ্ট হয়ে নিজে থেকেই আসেন।’