বিশেষ: দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার কর্মজীবন, ডেকেনিন এক নজরে

দেশের প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় অবসর গ্রহণের আগে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খন্নাকে সুপারিশ করেছেন। বিচারপতি খন্না কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, যা একটি বিরল ঘটনা।
১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলে নাম নথিভুক্ত করে বিচারপতি খন্না তার আইনজীবী জীবন শুরু করেন। দিল্লির জেলা আদালত এবং পরে দিল্লি হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি, তিনি আয়কর দপ্তরের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তিনি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার আগে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি কাজ করেননি।
বর্তমানে বিচারপতি খন্না ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির গভর্নিং কাউন্সিলের সদস্য। ২০২৩ সালে তিনি সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান ছিলেন।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রায় দিয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন বিচারপতি খন্না। নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেও তাঁর কার্যকাল খুব বেশি দীর্ঘ হবে না। ২০২৫ সালে তাঁর অবসর গ্রহণের কথা। তিনি প্রায় ৬ মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় অবসর গ্রহণ করবেন এবং এরপর বিচারপতি সঞ্জীব খন্না দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।