প্রাক্তন মন্ত্রী পার্থের ‘অতি পরিচিত’ মোনালিসা কোথায়? শুরু হয়েছে খোঁজ

সদ্যপ্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন মহলের আলোচনায় যেসব নাম শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম মোনালিসা দাস।
তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা। কিন্তু এতকিছুর পরও তার হদিস মিলছে না। এখন অনেকেরই প্রশ্ন- মোনালিসা আসলে কোথায়?

পার্থকে নিজের ‘অভিভাবক’ বলে ব্যাখ্যা করা মোনালিসার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ফোন ধরছেন না। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাও তিনি দেখছেন না। শোনা যাচ্ছে, তাকে নাকি ইডি জিজ্ঞাসাবাদ করছে! কিন্তু তদন্তকারী সংস্থা সূত্র কিছু জানায়নি।

পার্থের বাড়িতে যখন প্রথমবারের মতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি অভিযান শুরু করে, তখন ‘খবর’ ছড়িয়ে পড়ে মোনালিসার শান্তিনিকেতনের একাধিক বাড়িতে ইডি ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে।

কয়েকটি সূত্রে দাবি করা হচ্ছিল, মোনালিসার ওপরও নাকি ‘নজর’ রেখেছে ইডি। গত এক সপ্তাহ ধরে আলোচনায় এসেছে মোনালিসার শিক্ষকজীবন এবং তার উত্থানের কাহিনী। কিন্তু সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে পার্থের নাম।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘অনুগ্রহ’তেই নাকি মোনালিসার এই ‘বেড়ে ওঠা’। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে তার পদোন্নতি, মোনালিসার তত্ত্বাবধানে পিএইচডি করা ছাত্রছাত্রীদের ‘সুবিধা’ পাইয়ে দেওয়া, তাদের চাকরির ক্ষেত্রেও ‘অনুচিত অগ্রাধিকার’ নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানেও পার্থের নাম এসেছে।

অনেকের মতে, পার্থের সঙ্গে নিজের ‘পরিচিতি’কে ব্যবহার করে মোনালিসা নিজেকে ‘প্রভাবশালী’ করে তুলেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *