অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে ফের ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (২৭ জুলাই) তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
তাছাড়া মঙ্গলবার (২৬ জুলাই) ৬ ঘণ্টা জেরা করা হয় তাকে। এরপর বুধবারও তাকে তলব করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে এদিন বেলা ১১টা নাগাদ ইডি দপ্তরে উপস্থিত হন সোনিয়া। এই নিয়ে এই মামলায় তৃতীয় বার কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখোমুখি তিনি। এদিন রাহুল ও প্রিয়াঙ্কা দু’জনই গাড়িতে সোনিয়াকে ইডির দপ্তরে পৌঁছে দেন।
গত ২ দিনে ৬৫ থেকে ৭০টির মতো প্রশ্নের উত্তর দিতে হয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে। ইডি সূত্রের দাবি, ৭৫ বছরের নেত্রীকে বেশ দ্রুতই জবাব দিতে দেখা গিয়েছে। মনে করা হয়, বুধবারও মোটামুটি ৩৫-৪০টি প্রশ্ন বরাদ্দ করা হয় তাকে।
জানা গেছে, সোনিয়ার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে রাহুল গান্ধীর সঙ্গে তার দেওয়া উত্তরগুলো মিলিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা। এদিকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ প্রশ্ন তুলেছেন, কেন অসুস্থ সোনিয়া গান্ধীকে বারবার তলব করছে ইডি। তার মতে, যেখানে রাহুলকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরপরও বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে এতবার ডাকার যুক্তি নেই। রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক গেহলট এই জিজ্ঞাসাবাদকে ইডির ‘তামাসা’ বলে কটাক্ষ করেছেন।
এদিকে মঙ্গলবারের মতো বুধবারও বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদের। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে তাদের দেখা যায় একজোট হয়ে বিক্ষোভে শামিল হতে।
বুধবার সাংসদ সদস্যদের নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরে মিছিল রাষ্ট্রপতি ভবনের দিকে এগোতে গেলেই বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। রাহুল গান্ধীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।