‘সিপি-র পদত্যাগ চাই’,-রাত পেরিয়ে সকালেও ধর্ণা মঞ্চে অনড় চিকিৎসকরা

লালবাজারের কাছে ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সারা রাত ধরে চলা এই বিক্ষোভে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

ডাক্তাররা দাবি করছেন, তাদের মিছিলকে বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হোক। তাঁরা পুলিশ কমিশনারকে বলতে চান যে, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া দুর্নীতি ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ব্যর্থ হয়েছেন এবং তাঁর পদত্যাগ করা উচিত।

এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের মিছিলকে বেন্টিঙ্ক স্ট্রিট ও এই রাস্তার সংযোগস্থল দিয়ে যেতে দিতে হবে। সেখান থেকে আমরা চাইলে স্মারকলিপি দিয়ে আসব। পুলিশ কমিশনারকে আমরা বলে আসব, আপনি শহর চালাতে অপারগ, আপনি দয়া করে পদত্যাগ করুন।’

অন্যদিকে, পুলিশ ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের উপর নজর রাখছেন।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। ধর্ষণ ও হত্যার মামলায়ও তাঁকে যুক্ত করা হতে পারে।