বিশেষ: কেন ছেলেদের শার্টের বোতাম ডান দিকে আর মেয়েদের বাম দিকে থাকে?

এই সময়ে ইউনিসেক্স ফ্যাশন খুব আলোচিত। ইউনিসেক্স ফ্যাশন মানে এমন পোশাক যা পুরুষ এবং নারী উভয়ই পরতে পারেন। চশমা থেকে শুরু করে জিন্স এবং আরো অনেক ধরনের পোশাকই ইউনিসেক্স। আগের যুগে শুধু পুরুষরা শার্ট পরতেন সাধারণত। কিন্তু বর্তমান সময়ে নারীরাও শার্ট পরছেন।
তবে এই দুটি শার্টের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। যেখানে পুরুষের শার্টের বোতামটি ডানদিকে থাকে, নারীদের শার্টের বোতাম সবসময় বাম দিকে থাকে। ফ্যাশন করে এমনটা মেয়েরা পরেন একথা মোটেও ঠিক নয়। বরং এর পেছনে বিশেষ কারণ রয়েছে। এই পার্থক্য নিয়ে অবশ্য নানা মুনির নানা কথা প্রচলিত রয়েছে।

প্রাচীনকাল থেকে ছেলেরা সাধারণত নিজের শার্ট নিজেই পরে থাকে। তিনি রাজা-মহারাজাই হোন কিংবা সাধারণ কেউ। কিন্তু সেই সময়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য বাড়িতে দাসী থাকতো। তারাই শার্ট পরিয়ে দিতেন। শার্ট পরিয়ে দাসীরা সামনে থেকে শার্টের বোতাম লাগিয়ে দিতেন। তাদের সুবিধার জন্যই মেয়েদের শার্টের বোতাম বাম দিকে রাখা হতো বলে কথা প্রচলিত আছে।

সেই রাজাদের আমলে ছেলেরা যখন ঘোড়া নিয়ে ছুটতেন তখন রাস্তার বাম দিক ঘেঁষেই যেতেন, যাতে ডান হাতে তলোয়ার চালাতে সুবিধা হয়। সেই তলোয়ার গোঁজা থাকত বাম কোমরে। বের করার সময় তলোয়ার যাতে জামা বা কোটের বোতামের খাঁজে আটকে না যায়, সেজন্যই বোতাম বসানো হতো ডান দিকে। তাছাড়া সেই আমলে রাজা কিংবা সেনানী, ডান হাতে তলোয়ার ধরে প্রতিপক্ষের মোকাবিলা করতে হতো। খালি থাকতো বাম হাত। বাম হাতে শার্ট বা কোটের বোতাম খোলার সুবিধার জন্যই বোতাম বসানো হতো ডান দিকে।

অন্যদিকে মেয়েরা যখন ঘোড়ায় চড়ত, বর্তমানে মোটর সাইকেলে বসেন, দুটো পা-ই সাধারণত বাম দিকে থাকে। শার্টের ভেতরে যেন বাতাস ঢুকতে না পারে, সেজন্যই বোতাম বসানো হয় বাম দিকে। আরেকটি যুক্তি হলো, নারীদের ক্ষেত্রে ছোট বাচ্চাকে বাম দিকে ধরতে সুবিধা হয় এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ডান হাতে শার্টের বোতাম খুলতে হয়। সেক্ষেত্রে বোতাম ডান দিকে থাকলে তা খুলতে কষ্ট হয়। বিষয়টা মাথায় রেখেই বোতাম বাম দিকে বসানো হয়।

আরো একটি তত্ত্ব হলো, অনেক ক্ষেত্রে একজন দর্জিকে একসঙ্গে ছেলে-মেয়েদের শার্ট বানাতে হয়। ছেলে ও মেয়েদের শার্ট যেন মিশে না যায়, প্রয়োজনে করে আলাদা করে নেয়ার সুবিধা রাখতে দর্জি ছেলেদের শার্টের বোতাম ডান দিকে আর মেয়েদের শার্টে বাম দিকে বসায়।

সূত্র: ফ্যাক্টহান্ট ও বোল্ডস্কাই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *