মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, এক ধাক্কায় ৫ লাখ টাকা কমলো নবান্নের বিদ্যুৎ বিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর রাজ্যের সরকারি অফিসগুলিতে বিদ্যুৎ খরচ কমেছে। বিশেষ করে, নবান্নের বিদ্যুৎ বিল জুন মাসের তুলনায় জুলাই মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা কমেছে।
গত জুন মাসে লোকসভা নির্বাচনের পর নবান্নে অনুষ্ঠিত একটি বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি অফিসগুলিতে অতিরিক্ত বিদ্যুৎ খরচের বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, একাধিক দপ্তর এবং স্কুলগুলিতে বিদ্যুৎ অপচয় হচ্ছে এবং অনেক দপ্তরই বিদ্যুৎ বিল পরিশোধ করছে না।
এই পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যে, যদি কোনও দপ্তর সরকারি বিদ্যুৎ বিল বকেয়া রাখে, তাহলে সেই দপ্তরের বাজেট কমানো হবে। এরপর থেকে নবান্নে বিদ্যুৎ অপচয় রোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। করিডরগুলিতে অকারণে জ্বলন্ত আলো বন্ধ করা হয়েছে এবং ছুটির দিনগুলিতে দপ্তরগুলিতে আলো, পাখা এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে।
মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা সরকারি দপ্তরগুলিতে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণের জন্য একটি ১৬ দফা নির্দেশিকাও জারি করেছেন।