“সত্যি বলছে , নাকি মিথ্যে ?”-সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা কোর্টে CBI, পলিগ্রাফ টেস্টের আর্জি

সিবিআই আরজি কর হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় নিয়েছে। আজ, বৃহস্পতিবার, আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং চারজন ইন্টার্ন ডাক্তারকে শিয়ালদহ কোর্টে হাজির করা হয়েছে। সিবিআই সন্দেহ করছে এই ইন্টার্নরা মৃতার সঙ্গে শেষ ডিনার করেছিল। তাই তাদের পলিগ্রাফ পরীক্ষা এবং ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়েছে।
গত কয়েকদিন ধরে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার রাতে তার গাড়ি বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হয়। তার গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরজি কর ঘটনার পর থেকে সন্দীপের পদত্যাগ দাবি করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। আন্দোলনের চাপে তাকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হলেও, সেখানেও তাকে অপসারণ করা হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে এবং তার পলিগ্রাফ পরীক্ষার জন্য সিবিআই আদালতে আবেদন করেছে। সুপ্রিম কোর্ট এই আবেদনের উপর শুক্রবার রায় দেবে।