আইসক্রিমের ফ্রিজ়ারের ভেতর থেকে উদ্ধার নগ্ন দেহ, ফের রহস্যমৃত্যু ঘটলো বাংলায়

রহস্যজনকভাবে মালদা জেলার বাচামারি এলাকার একটি আইসক্রিম গোডাউনের ফ্রিজ থেকে এক ব্যক্তির নগ্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় মৃণাল কান্তি বসু (৪০) বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ওই গোডাউনের গাড়ির চালকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃণাল গতকাল রবিবার থেকেই নিখোঁজ ছিলেন।আজ সকালে গোডাউনের কর্মীরা তাকে খুঁজে না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন।
তখনই আইসক্রিমের ফ্রিজ খুলে উলঙ্গ অবস্থায় মৃণালের মৃতদেহ দেখা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্ত:
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃণাল গতকালই গোডাউনে ছিলেন।গোডাউন মালিক জয়ন্ত পাল চৌধুরীর দাবি, মৃত্যুর আগে মৃণাল অতিরিক্ত মদ্যপান করেছিলেন।তবে উলঙ্গ অবস্থায় মৃত্যুর কারণ এখনও অজানা।পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করেছে।ওই গোডাউনের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।