৭৫ বছর পর ভারত থেকে পাকিস্তানে ফিরলেন বৃদ্ধা, পৈতৃক বাড়িতে পা রেখে আবেগে কেঁদে ফেলেন রীনা

৭৫ বছর পর ভারত থেকে পাকিস্তানে ফিরলেন এক বৃদ্ধা। এই আনন্দে নাচ-গানে মেতে ওঠেন তিনি। এ যেন এক স্বপ্নপূরণের আখ্যান! কাঁটাতারের বেড়াজাল ডিঙিয়ে ৭৫ বছর পর পাকিস্তানে পৈতৃক ভিটায় পা রাখেন রীনা বর্মা। দেশভাগের পর এই প্রথম নিজের জন্মভূমিতে ফেরার সুযোগ পেলেন তিনি।

দেশভাগের পর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পৈতৃক বাড়িতে ফেরার জন্য অনেক চেষ্টা করেছিলেন রীনা। কিন্তু সফল হননি। তবে হাল ছাড়েননি এই বৃদ্ধা। পূর্বপুরুষের ভিটায় ফেরার জন্য ভিসায় কঠোর নিয়মকানুনের যদি কিছুটা সহজ করা যায়, এ নিয়ে দুই দেশের সরকারের কাছেই আবেদন জানান তিনি। কিছুদিন আগেই তার ভিসার আবেদন মঞ্জুর করা হয়।

বুধবার পৈতৃক বাড়িতে পা রেখে আবেগে কেঁদে ফেললেন ৯০ বছর বয়সী রীনা। এই বৃদ্ধা বলেন, এটা হলো আনন্দের অশ্রু। এখানে দাঁড়িয়ে আমি গান গাইব। বাড়ির সামনের রাস্তায় রীনা পা রাখতেই শুরু হয় পুষ্পবৃষ্টি। গোলাপের পাপড়ি গায়ে মেখেই স্থানীয়দের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। শুধু তা-ই নয়, ড্রামের তালে বাসিন্দাদের সঙ্গে রীতিমতো পা মিলিয়ে নাচতেও দেখা গেছে তাকে।

আদি বাড়িতে ফিরে রীনা বলেন, বাড়িটা এখনও একই রকম আছে। এটা দেখে খুব ভালো লাগছে। ওই বাড়ি ঘুরে দেখতে দেখতে ছেলেবেলার স্মৃতি খুঁজে ফেরেন তিনি। দেশভাগের সময় রীনার বয়স ছিল মাত্র ১৪ বছর। সে সময় পাকিস্তান থেকে তার পরিবার ভারতের পুণেতে চলে যান। তারপর থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাড়িতে আর যাওয়া হয়নি রীনার। এত দিনে সেই স্বপ্নপূরণ হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *