ধড়কের পর ফের ইশান-জাহ্নবী জুটি! জেনেনিন নতুন কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

২০১৮ সালে মুক্তি পেয়েছিল তাদের প্রথম ছবি ‘ধড়ক’। শশাঙ্ক খৈতান পরিচালিত সেই ছবিতে ধর্মা প্রোডাকশন হাউসের ব্যানারে এবং করণ জোহরের হাত ধরে ডেবিউ করেছিলেন এই দুজনে।
এবারও একই প্রযোজনা সংস্থা, ধর্মা প্রোডাকশনের ছবিতে জুটি বাঁধবেন ইশান ও জাহ্নবী। এই ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী ‘মাসান’ খ্যাত নীরজ ঘেওয়ান।
তবে শুধু ইশান ও জাহ্নবীই নন, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ‘মরদানি ২’ খ্যাত বিশাল জেঠওয়াও।
এটি একটি হিউম্যান ইমোশনাল ড্রামা হবে বলেই জানা গেছে। শ্যুটিং হবে ভোপালে। আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে কাজ।
প্রায় ৯ বছর পর আবার কোনও ছবি পরিচালনা করতে চলেছেন নীরজ ঘেওয়ান। ‘মাসান’-এর পর তিনি মূলত বিভিন্ন ওয়েব সিরিজ নির্মাণে মন দিয়েছিলেন। ‘স্যাক্রেড গেমস’, ‘মেড ইন হেভেন’, ‘আজীব দাস্তান’ – তার পরিচালিত জনপ্রিয় কিছু সিরিজ।
অন্যদিকে, ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হচ্ছে জাহ্নবীর ষষ্ঠ ছবি। এর আগে তিনি ‘ধড়ক’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র মতো ছবিতে অভিনয় করেছেন।
‘ধড়ক’-এর জুটি আবার একসাথে – এই খবরে বেশ উচ্ছ্বসিত ভক্তরা। নতুন ছবি নিয়ে তাদের প্রত্যাশাও বেশি।