ছেলে জামালের অট্টালিকা, অথচ মা দিনকাটাতেন কুঁড়েঘরে

সোনারপুরের ‘দামাল’ খ্যাত জামাল সর্দার এখনও পুলিশের হাতের অধরা।বুধবার থেকেই জামালের প্রাসাদোপম বাড়িটি খবরের চর্চায়।জামালের বিরুদ্ধে এক মহিলাকে বিচারের নামে বাড়িতে ডেকে শিকল বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।জামালের দুই শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।জামাল ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় একটি খুনের মামলায়ও জড়িত ছিলেন।জামালের মা ও তিন ভাই এখনও কুঁড়েঘরে বাস করেন।

জামাল স্ত্রী-সন্তান নিয়ে প্রাসাদোপম বাড়িতে থাকলেও তার মায়ের ঠাঁই হয়নি সেখানে।জামালের বাড়ি থেকে খানিক দূরেই বাঁশবাগানের মধ্যে জোড়াতাপ্পি দেওয়া কুঁড়েঘরে দিন কাটান তার মা শাহাজাদি সর্দার।শাহাজাদি ছেলে জামালের কোনও দোষ দেখতে রাজি নন। তার দাবি, জামাল কখনও বেআইনি কাজ করেননি।
জামালের মেজদাও তার ভাইয়ের বাড়ির উল্টো দিকে ত্রিপল খাটানো ছাউনির নীচে সংসার চালান।

শাহাজাদি দাবি করেন, জামাল সবসময় মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়তেন। সেই সাথে বলেন ‘আমায় অনেকবার ওর বাড়িতে থাকার কথা বলেছিল। আমিই রাজি হইনি। যে দু’বেলা ভালো মতো খাওয়া-দাওয়া করে তার শত্রু অনেক। জামাল কোনও বেআইনি কাজ করেনি। ওর বাবার মৃত্যুর পর অনেক জমিজমা বিক্রি করে এখানে এই বাড়ি করেছে।’

তবে গ্রামের মানুষজন জামালের বিরুদ্ধে অভিযোগের পক্ষে।পুলিশ জামালের বাড়িতে তল্লাশি চালিয়েছে, তবে মূল ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি।জানা গেছে, পুলিশ কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আবার তল্লাশি করবে।