ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী স্টারমারের অবস্থান কি?

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার মধ্য দিয়ে ১৪ বছর পরে আবারো দেশটির রাষ্ট্রক্ষমতায় ফিরে আসছে লেবার পার্টি। নির্বাচনে জয়ের ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা স্যার কিয়ের স্টারমার। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যখন ইসরায়েল নির্বিচারে মানুষ হত্যা করছে, তখন স্টারমারের ভূমিকা কেমন ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল যখন গাজায় অভিযান চালায় তখন তা সমর্থন করেন স্টারমার। তার সিদ্ধান্ত অনেক ফিলিস্তিনপন্থী ভোটারদের ক্ষুব্ধ করেছিল। লেবার পার্টির বহু সাংসদ যারা সেই মুহূর্তে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, তাদের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল স্টারমারকে।

তবে সম্প্রতি তাকে অন্য কথা বলতে শোনা যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ডাক দিয়েছিলেন ‌‘এমন যুদ্ধবিরতির যা স্থায়ী হবে’। এবং জোর দিয়ে বলেছিলেন, ‘এখন এটাই হওয়া উচিত!’

গত মার্চে ‘ইউগভ’-এর এক জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের ৫২ শতাংশ মানুষ মনে করেন ইসরায়েল-গাজার বিষয়টা সঠিক ভাবে পরিচালনা করছেন না স্টারমার।