SPORTS: ইংলিশ পরীক্ষার আগে যে ‘দুঃস্মৃতি’ ভুলতে চান রোহিত শর্মা

চলছে নবম টি-২০ বিশ্বকাপ। এই আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে এই ম্যাচের আগে ২০২২ বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলে যেতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিতেও মুখোমুখি দেখা হয়েছিল দুদলের। সেই ম্যাচে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। রোহিত-কোহলিদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ১০ উইকেটের জয় পেয়েছিল ইংলিশরা। তবে দুই বছর পর সেটি আর মনেই করতে চান না রোহিত শর্মা।

সেমির লড়াইয়ে মাঠে নামার আগে তিনি বলেন, ‘দেখুন, আমরা এই ম্যাচটাকে টুর্নামেন্টের আরেকটা ম্যাচ হিসেবেই খেলতে চাই। সামনে কী আছে, এই খেলার কনটেক্স কী, তা নিয়ে ভাবতে চাই না। সবারই মাথায় আছে এটা সেমিফাইনাল। কিন্তু আপনি এটা নিয়ে বারবার কথা বলতে চাই না। অতীতে কী হয়েছে সেটি নিয়েও ভাবতে চাই না।’

রোহিত আরো বলেন, ‘আমার মনে হয় আমরা নিজেরা, পুরো দল মানসিকভাবে ভালো অবস্থায় আছি। আমরা দল হিসেবে ভালো খেলছি। একে-অন্যের সঙ্গ উপভোগ করছি, সাফল্যটাও উপভোগ করছি। হ্যাঁ, কিছু ম্যাচে আমরা চাপে ছিলাম; কিন্তু আমার মনে হয় ভালোভাবেই জবাব দিতে পেরেছি।’