আরাকান আর্মির বিশেষ নির্দেশ, এবার রাখাইনের শহর ছাড়তে হবে রোহিঙ্গাদের

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত দিনকে দিন কঠিন পরিস্থিতিতে মোড় নিচ্ছে। এবার দেশটির শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে নতুন আরেকটি নির্দেশনা এল। আরাকান আর্মি রোহিঙ্গা অধ্যুষিত একটি শহর খালি করার নির্দেশ দিয়েছেন।
রোববার (১৬ জুন) রাতে তাদের এই নির্দেশনা দিয়েছে গোষ্ঠীটি। বিষয়টি নিশ্চিত করে খবর জানিয়েছে রয়টার্স।
জানা গেছে, আরাকান আর্মি রোহিঙ্গাদের উদ্দেশে দেয়া এক বার্তায় তাদের রাত ৯টার মধ্যে মংডু শহর ছেড়ে দিতে বলেছে। মূলত জান্তা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত হামলার আগে রোহিঙ্গাদের শহর খালি করার নির্দেশ দিলো গোষ্ঠীটি।
আরাকান আর্মি ঘোষণা দিয়েছেন, ‘আমরা জান্তার অবশিষ্ট ঘাঁটিতে হামলা করতে যাচ্ছি। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের মংডুর সামরিক ঘাঁটি থেকে দূরে থাকতে বলা হলো।’
এদিকে মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকারের উপ-মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং কিয়াও বলেছেন, দুপক্ষের মধ্যে সংঘাত ঘনিয়ে আসায় প্রায় ৭০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছেন। বর্তমানে তারা মংডুতে অবস্থান করছেন। তাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।
২০২৩ সালের নভেম্বর মাস থেকে স্বায়ত্তশাসনের দাবিতে রাখাইনে জান্তা বাহিনীর ওপর হামলা করে আসছে আরাকান আর্মি। এরই মধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী বেশকিছু অঞ্চল জান্তার হাত থেকে নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ফলে বিরোধীদের চাপে জর্জরিত জান্তা সরকারের ওপর চাপ আরো বাড়িয়ে চলেছে আরাকান আর্মি।
প্রসঙ্গত, ১৯৭০ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে উদ্বাস্তু হয়ে বাস করতে শুরু করে। জান্তা ও আরাকান আর্মির সংঘাতে বাংলাদেশে এরই মধ্যে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ নতুন করে আর শরণার্থী গ্রহণ করতে চাইছে না।