“ট্রেনে হঠাৎই পরপর দু’বার ধাক্কা, বাইরে এসে দেখলাম…”-দুর্ঘটনার বিবরণ দিলেন ট্রেনের যাত্রী

পশ্চিমবঙ্গের নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার কাছে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত আরও অনেকে।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এনডিআরএফ টিম, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে যোগদান করেছেন।
ট্রেনের যাত্রী পার্বতী দাস জানান, “মালদা যাচ্ছিলাম। হঠাৎ ট্রেনে দু’বার ধাক্কা অনুভব করলাম। নেমে দেখি পিছনের বগি উঠে আছে।”
যাত্রী বলেন, ‘নিউ জলপাইগুড়িতে থাকি। বড় মেয়েকে আনতে মালদা যাচ্ছিলাম। ট্রেনেই বসেছিলাম। হঠাৎ ধাক্কা অনুভব হল। একবার নয়, পরপর দু’বার ধাক্কার অনুভব হল। তারপরেই ট্রেন থেকে নেমে আসি। নিচে নেমে দেখলাম পিছন দিকের বগিটা উপর দিকে উঠে রয়েছে। আমাদের আবার ফের ট্রেনে উঠতে বলা হয়। তবে আমরা বলি, আর ট্রেনে উঠব না। বাইরে বৃষ্টি পড়ছিল। সবাই বলল, বাচ্চা নিয়ে বাইরে ভিজ না। তারপর পর ফের ট্রেনে উঠি। পরে আবার নেমে আসি।’
আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনও অজানা।
পূর্ব রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা, গুরুতর আহতদের আড়াই লাখ টাকা ও কম আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী।