OMG! ডালের বাটিতে সাপ, সরকারি কলেজের বিষাক্ত খাবার খেয়ে হাসপাতালে ছাত্ররা

বাংলার বাঁকুড়া জেলার একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যান্টিনে মরা সাপ পাওয়ার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সারাদিন ক্লাস করার পর ক্যান্টিনে খেতে এসে ডালের বাটিতে চুমুক দিতেই নরম কিছু একটা ঠেকে আতঙ্কে হাত-পা কাঁপতে লাগে ছাত্রদের। কারণ, ডালের মধ্যে ভাসছিল আস্ত একটা সাপ।
চিৎকার-চেঁচামেচিতে ক্যান্টিন ভরে ওঠে। কিন্তু ততক্ষণে অনেক ছাত্রই ওই ডাল খেয়ে ফেলেছেন। এরপর একে একে পড়ুয়ারা অসুস্থ হতে শুরু করে। বমির উপসর্গ দেখা দেয় তাদের মধ্যে। তড়িঘড়ি ১৫ জন ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি অনলাইনে অর্ডার দেওয়া আইসক্রিমের ভেতর থেকে মানুষের আঙুলের টুকরো পাওয়ার ঘটনা কাটতে না কাটতেই এবার এই ঘটনা।
কলেজ ছাত্রদের অভিযোগ, এর আগেও একাধিকবার কলেজ কর্তৃপক্ষের কাছে খাবারের মান নিয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।
ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। বাঁকা জেলার জেলাশাসক, সাব ডিভিশন ম্যাডিস্ট্রেট ও সাব ডিভিশনাল পুলিশ অফিসার কলেজ পরিদর্শনে যান। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন তারা।
ইতিমধ্যে, কলেজ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। ওই ক্যান্টিনের খাদ্য সরবরাহের সাথে যে সংস্থা বা বিক্রেতা জড়িত তারও জরিমানা করা হয়েছে। খাবার সরবরাহকারী সংস্থা পরিবর্তন করা হবে বলেও জানানো হয়েছে।
প্রশাসনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে পড়ুয়াদের সঙ্গেই অধ্যক্ষ এবং শিক্ষকদের ক্যান্টিনে বাধ্যতামূলকভাবে খাবার খেতে হবে। এছাড়াও পড়ুয়াদের যাতে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার দেওয়া হয় সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ঘটনার পর মহকুমা আধিকারিক জানিয়েছেন যে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তিনি আরও জানিয়েছেন, “ঘটনার পর পড়ুয়াদের বোঝানোর পর আবার নতুন করে খাবার তৈরি করা হয়। তারপর অধ্যক্ষ এবং ছাত্ররা সবাই একসঙ্গে খাবার খেয়েছিলেন।”
যদিও এই নিয়ে একরাশ ক্ষোভ উগরেছেন পড়ুয়ারা।